বুধবার কোহলি-শামিদের দৌলতে বিশ্বকাপে নতুন রেকর্ড, তবে কীর্তি কোনও ক্রিকেটারের নয়, তবে কার?

16th November 2023 6:06 pm Sport
বুধবার কোহলি-শামিদের দৌলতে বিশ্বকাপে নতুন রেকর্ড, তবে কীর্তি কোনও ক্রিকেটারের নয়, তবে কার?


বিশ্বকাপে একের পর এক নজির গড়ছেন ভারতীয় ক্রিকেটারেরা। বিরাট কোহলি, মহম্মদ শামিদের পারফরম্যান্সের দৌলতে বুধবার আরও একটি নজির তৈরি হয়েছে। তবে সেই নজির কোনও ক্রিকেটার গড়েননি। নজির তৈরি হয়েছে মোবাইলে বিশ্বকাপ সম্প্রচারের ক্ষেত্রে। দর্শক সংখ্যার নিরিখে গত এক মাসে চার বার নিজেদের রেকর্ড ভেঙেছে ডিজ়নি প্লাস হটস্টার।

বুধবার ভারত-নিউ জ়িল্যান্ডের প্রথম সেমিফাইনাল হটস্টারে দেখেছেন ৫ কোটি ৩০ লক্ষ মানুষ। এর আগে কোনও ক্রিকেট ম্যাচ এত মানুষ দেখেননি মোবাইলে। এক দিনের ক্রিকেটে কোহলির ৫০তম শতরান, শ্রেয়স আয়ারের শতরান এবং শামির ৭ উইকেটে দুরন্ত স্পেল। সব মিলিয়ে বুধবার ক্রীড়াপ্রেমীরা চোখ সরাতে পারেননি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে।

 

বিশ্বকাপ সেমিফাইনালে ভারতীয় দলের আগ্রাসী ক্রিকেট হাসি ফুটিয়েছে সংস্থার কর্তাদের মুখে। হটস্টারের প্রধান সাজিত শিবানন্দন বলেছেন, ‘‘ভারতীয় দল শুধু বিশ্বকাপে টানা ১০ ম্যাচ জিতে নিজেদের রেকর্ড ভাঙেনি। ভারতীয় ক্রিকেটপ্রেমীরাও কখনও এত বেশি সংখ্যায় হটস্টারে খেলা দেখেননি। অভূতপূর্ব ঘটনা। সমর্থকদের অবিশ্বাস্য আবেগ এই প্রতিযোগিতার মধ্যে আমাদের চার বার নতুন রেকর্ড গড়তে সাহায্য করেছে। খেলার লাইভ স্ট্রিমিংয়ের ক্ষেত্রে নতুন মান নির্ধারণ করেছে এ বারের ক্রিকেট বিশ্বকাপ।’’

তিনি আরও বলেছেন, ‘‘মোট ৫ কোটি ৩০ লক্ষ মানুষ হটস্টারে ভারত-নিউ জ়িল্যান্ডের সেমিফাইনাল দেখেছেন। এই সংখ্যা অস্ট্রেলিয়া এবং নিউ জ়িল্যান্ডের মোট জন সংখ্যার দেড় গুণ। এই মাইলফলক শুধু প্রযুক্তির জয় নয়। আমাদের প্রতি দর্শকদের আস্থারও প্রমাণ। সামনেই বিশ্বকাপের ফাইনাল। আমরা গোটা দেশের মানুষকে আবার একত্রিত করে খেলাধুলার ক্ষেত্রে ইতিহাস তৈরি করব।’’

গত এশিয়া কাপের পর বিশ্বকাপের সব খেলাও সরাসরি সম্প্রচার করছে হটস্টার। হাতে স্মার্ট ফোন থাকলে যে কোনও জায়গা থেকেই খেলা দেখতে পাচ্ছেন ক্রিকেটপ্রেমীরা। কাছাকাছি টেলিভিশন না থাকলেও চিন্তা করতে হচ্ছে না তাঁদের।





Others News

T20 World Cup 2026 News: আবার সেমিতে ভারত বনাম ইংল্যান্ড, আগের দুই বিশ্বকাপের ফল কী ছিল?

T20 World Cup 2026 News: আবার সেমিতে ভারত বনাম ইংল্যান্ড, আগের দুই বিশ্বকাপের ফল কী ছিল?


India vs England T20 World Cup History:
টি-২০ বিশ্বকাপের মঞ্চে ভারত এবং ইংল্যান্ড এখনও পর্যন্ত মোট পাঁচবার মুখোমুখি হয়েছে। এই লড়াইয়ে সামান্য এগিয়ে রয়েছে ইংল্যান্ড। পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতে জয় পেয়েছে ইংল্যান্ড, আর দু’টি ম্যাচ জিতেছে ভারত।

ICC T20 World Cup 2026:
২০২৬ টি-২০ বিশ্বকাপ এখন শেষ পর্যায়ে। টুর্নামেন্টে বাকি রয়েছে মাত্র তিনটি ম্যাচ—দুটি সেমিফাইনাল এবং একটি ফাইনাল। দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত ও ইংল্যান্ড (India vs England)। স্বাভাবিকভাবেই ক্রিকেটপ্রেমীদের মনে প্রশ্ন উঠছে, টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) অতীত রেকর্ড ঠিক কেমন?

উল্লেখযোগ্য বিষয় হল, গত তিনটি টি-২০ বিশ্বকাপেই সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধেই খেলতে নামছে ভারত।

৫ মার্চ ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল

২০২৬ টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে খেলার জন্য ইতিমধ্যেই চারটি দল চূড়ান্ত হয়ে গিয়েছে। সেই সঙ্গে নির্ধারিত হয়েছে কোন দল কার বিরুদ্ধে খেলবে। প্রথম সেমিফাইনাল ম্যাচটি ৪ মার্চ অনুষ্ঠিত হবে, যেখানে দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে নিউজিল্যান্ডের।

অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। এই ম্যাচটি ৫ মার্চ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আয়োজন করা হবে।

২০২২ ও ২০২৪ সেমিফাইনালের স্মৃতি

২০২২ সালের টি-২০ বিশ্বকাপ সেমিফাইনালে ভারত এবং ইংল্যান্ড মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল ১০ উইকেটে পরাজিত হয় এবং সেবার ভারতের বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে যায়।

তবে ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপে ছবিটা সম্পূর্ণ উল্টো ছিল। সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছিল টিম ইন্ডিয়া। এরপর ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে বিশ্বকাপ জিতেছিল ভারত।

আবার কি হবে একই সমীকরণ?

এবারও সেমিফাইনালে মুখোমুখি ভারত ও ইংল্যান্ড। অন্যদিকে সেমিফাইনালে রয়েছে দক্ষিণ আফ্রিকাও। তাই অনেক ক্রিকেটপ্রেমী আশা করছেন, ভারত যদি ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠে এবং দক্ষিণ আফ্রিকা যদি নিউজিল্যান্ডকে পরাজিত করে, তাহলে আবারও দেখা যেতে পারে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল।

তবে শেষ পর্যন্ত কী হবে, তা সময়ই বলবে। আপাতত একটা বিষয় পরিষ্কার—টি-২০ বিশ্বকাপের ইতিহাসে পাঁচবারের সাক্ষাতে ইংল্যান্ড তিনবার এবং ভারত দু’বার জয় পেয়েছে। তাই ৫ মার্চের সেমিফাইনাল ম্যাচ জিতে সেই হিসাব সমান করতে চাইবে টিম ইন্ডিয়া।