কলকাতায় রহস্যমৃত্যু: সরশুনায় ঘরবন্দি অবস্থায় উদ্ধার যুবকের দেহ, পরিবারের অভিযোগে জট

21st January 2026 7:03 pm State News
কলকাতায় রহস্যমৃত্যু: সরশুনায় ঘরবন্দি অবস্থায় উদ্ধার যুবকের দেহ, পরিবারের অভিযোগে জট


কলকাতা: সরশুনা থানার অন্তর্গত এলাকায় একটি বন্ধ ঘর থেকে এক যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত যুবকের নাম সানি সিং। পরিবারের অভিযোগের ভিত্তিতে তাঁর স্ত্রী ও শ্যালকের বিরুদ্ধে খুনের মামলা রুজু হওয়ায় রহস্য আরও ঘনীভূত হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে সরশুনার রাম রোড এলাকায় নিজের ভাড়াবাড়ি থেকেই সানির ঝুলন্ত দেহ উদ্ধার হয়। প্রথমে ঘটনাটিকে অস্বাভাবিক মৃত্যু বলে ধরে মামলা দায়ের করা হলেও পরে মৃতের দিদি সঙ্গীতা সাউয়ের অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করে পুলিশ।

জানা গিয়েছে, স্ত্রী পুনিতা সিং (৩৩) ও মেয়ে তানিশা সিংকে নিয়ে সরশুনার ওই বাড়িতেই ভাড়া থাকতেন সানি। দীর্ঘদিন ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক অশান্তি চলছিল। ঘটনার আগের রাতেও দু’জনের মধ্যে তীব্র বিবাদ হয় বলে অভিযোগ। এর পরই মঙ্গলবার রাতে সানির দিদি সঙ্গীতা সাউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন, যেখানে পুনিতা সিং ও তাঁর ভাই রাকেশ পাসোয়ানের বিরুদ্ধে খুনের অভিযোগ তোলা হয়।

অভিযোগের ভিত্তিতে সরশুনা থানার পুলিশ পুনিতা সিং ও রাকেশ পাসোয়ানের বিরুদ্ধে মামলা রুজু করেছে। পুলিশ জানায়, ঘরের সিলিং ফ্যান থেকে সানির ঝুলন্ত দেহ প্রথমে দেখতে পান পুনিতা ও প্রতিবেশীরা। সঙ্গে সঙ্গে থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, সানির দেহে গলায় একটি চিহ্ন ছাড়া অন্য কোথাও বাহ্যিক আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। দেহ ময়নাতদন্তের জন্য বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, শ্বাসরোধের কারণেই সানির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।





Others News

পশ্চিমবঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশে সংশোধিত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ |

পশ্চিমবঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশে সংশোধিত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ |


সুপ্রিম কোর্টের কড়া নির্দেশিকা মেনে পশ্চিমবঙ্গে আজ প্রকাশিত হতে চলেছে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR)-এর পর চূড়ান্ত ভোটার তালিকা। আসন্ন নির্বাচনের আগে এই তালিকা প্রকাশ রাজ্য রাজনীতি ও প্রশাসনিক স্তরে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা।


ভোটার তালিকার গুরুত্বপূর্ণ দিকসমূহ

  • মোট ভোটারের সংখ্যা: খসড়া তালিকা অনুযায়ী রাজ্যে মোট ভোটারের সংখ্যা ৭ কোটি ৮ লক্ষ, যা এই চূড়ান্ত তালিকাতেও অপরিবর্তিত থাকছে।

  • বিশেষ ক্যাটেগরি বিভাজন: এবারের তালিকায় নামের পাশে বিভিন্ন বিশেষ মন্তব্য বা 'মার্ক' থাকছে। যাদের আবেদন সম্পূর্ণ মঞ্জুর হয়েছে, তাদের নাম স্বাভাবিকভাবেই তালিকায় থাকছে।

  • বাতিল হওয়া নাম: যেসব ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়ছে, তাদের নামের পাশে স্পষ্টভাবে "Deleted" (বাতিল) লেখা থাকবে।

  • বিচারাধীন আবেদন: যে প্রায় ৬০ লক্ষ ভোটারের নথিপত্র এখনও বিচারবিভাগীয় আধিকারিকদের দ্বারা খতিয়ে দেখা হচ্ছে, তাদের নামের পাশে "Under Adjudication" (বিচারাধীন) উল্লেখ করা থাকবে। সুপ্রিম কোর্টের নির্দেশে ভিন রাজ্য থেকেও বিচারবিভাগীয় আধিকারিকদের এই কাজে নিয়োগ করা হয়েছে।

  • তালিকা দেখার সুবিধা: চূড়ান্ত ভোটার তালিকা নির্বাচন কমিশনের ওয়েবসাইট, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) ওয়েবসাইট এবং ECI Net অ্যাপের মাধ্যমে সরাসরি দেখা যাবে। এছাড়া জেলাশাসক, মহকুমা শাসক এবং বিডিও অফিসেও অফলাইন কপি সাধারণ মানুষের পরিদর্শনের জন্য উপলব্ধ থাকবে।


রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন যে, এই প্রথমবার কোনো ভোটার তালিকায় 'Adjudication' বা বিচারাধীন মার্ক যুক্ত করা হচ্ছে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত এই যাচাই পর্ব চলবে এবং পরবর্তীতে একাধিক সাপ্লিমেন্টারি বা পরিপূরক তালিকাও প্রকাশ করা হবে।